যান্ত্রিক ত্রুটিতে আরব সাগরে আটকা পড়া একটি ভারতীয় জাহাজের পাঠানো বিপদসংকেত পেয়ে ছুটে গিয়ে তার ক্রুদের উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনীর একটি নৌযান।
ওমান থেকে ভারতে ফেরার পথে এমভি গৌতম নামের ওই জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে নৌযানটি আরব সাগরে আটকা পড়ে বলে পাকিস্তানি সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মুম্বাইয়ের মেরিটাইম রেসকিউ অ্যান্ড কোঅর্ডিনেশন সেন্টার ইসলামাবাদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চাওয়ার পর পাকিস্তান নৌবাহিনী উদ্ধার অভিযানে নামে। জাহাজটির ৭ জন ক্রুর মধ্যে ছয়জন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।
ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধে সাড়া দিয়ে পাকিস্তান নৌবাহিনী এমভি গৌতমকে উদ্ধারে পিএমএসএস কাশ্মীরকে পাঠায়। এই অভিযানে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিও সহায়তা করে।
উদ্ধারের পর ক্রুদের খাবার, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা দেওয়া হয়। এ অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছে গালফ টাইমস, যেখানে পাকিস্তানি নৌযানকে ক্রুদের সহায়তা করতে দেখা যায়।
একাধিক সূত্র এনডিটিভিকে জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১১টা ২২ মিনিটের দিকে গান্ধীনগরে অবস্থিত ভারতীয় কোস্ট গার্ডের আঞ্চলিক সদরদপ্তর জাহাজটির বিপদের খবর পায়। জেনারেটরে ত্রুটি দেখা দেওয়ায় রোববার থেকেই জাহাজটির বিদ্যুৎ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে।
ঘটনার সময় জাহাজটি পাকিস্তানের সার্চ অ্যান্ড রেসকিউ রিজিওনের আওতায় ছিল। পরে এটি ধীরে ধীরে পূর্ব-উত্তর-পূর্ব দিকে ভেসে যেতে থাকে। ৪ মে রাত পৌনে ৯টার দিকে জাহাজটি দ্বারকা বাতিঘর থেকে প্রায় ২৬২ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।
এর আগে গত মাসেও পাকিস্তান নৌবাহিনী উত্তর আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজ থেকে পাঠানো জরুরি সংকেত পেয়ে ১৮ জন ক্রুকে উদ্ধার করে। তাদের মধ্যে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিকরা ছিলেন।
পূর্বের পোস্ট :