যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুক্রবারের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া বক্তব্যে ট্রাম্প এবং পাকিস্তানের কর্মকর্তারা এ তথ্য জানান।

পত্রিকাটি জানিয়েছে, পাকিস্তানি কর্মকর্তাদের মতে আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে।

এ অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ট্রাম্প এক খুদে বার্তায় বলেন, “এটি সম্ভব।”

এর আগের দিনই ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, ইরান একটি ‘ঐক্যবদ্ধ প্রস্তাব’ না আনা পর্যন্ত যুক্তরাষ্ট্র হামলা স্থগিত রাখবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় সন্ধ্যায়। এর আগেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প।

ট্রাম্পের এ ঘোষণার পর থেকে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে পাকিস্তান। পাকিস্তানি এক কর্মকর্তা জানিয়েছেন, সেই যোগাযোগের ভিত্তিতেই নতুন করে আলোচনার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।