জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের অবরুদ্ধ করে রাখা হরমুজ প্রণালি খোলার প্রস্তাবটি শেষ পর্যন্ত গৃহীত হয়নি। চীন ও রাশিয়ার ভিটোর কারণে প্রস্তাবটি পাসে ব্যর্থ হয়।

মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে। তবে কলম্বিয়া ও পাকিস্তান ভোটদানে বিরত থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই ভোট অনুষ্ঠিত হয়।

হরমুজ প্রণালি খোলার প্রশ্নে বল প্রয়োগের বিষয়টি নিয়ে শুরু থেকেই চীন ও রাশিয়ার আপত্তি ছিল। তাদের আপত্তির কারণে প্রস্তাবটি একাধিকবার সংশোধন করা হয়। শেষ পর্যন্ত চীনের চাপের মুখে খসড়া থেকে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি বাদ দেওয়া হয়।

সংশোধিত প্রস্তাবের ওপর মঙ্গলবার ভোট হলেও আশা অনুযায়ী চীন ও রাশিয়া ভিটো দেওয়া থেকে বিরত থাকেনি। ফলে প্রস্তাবটি আর গৃহীত হতে পারেনি।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি পাস হলেও চলমান যুদ্ধ পরিস্থিতিতে এর কার্যকারিতা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। কারণ, ভিটো এড়াতে গিয়ে প্রস্তাবটি ইতোমধ্যেই অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল।

উল্লেখ্য, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি বাহরাইন প্রথমে এই প্রস্তাবটি উত্থাপন করে। প্রাথমিক খসড়ায় হরমুজ প্রণালি খুলতে ‘সব প্রয়োজনীয় উপায় অবলম্বনের’ কথা বলা হয়েছিল, যার মধ্যে সামরিক ব্যবস্থার বিষয়টিও ছিল।

তবে রাশিয়া, চীন ও ফ্রান্সের তীব্র আপত্তির মুখে প্রস্তাবটি সংশোধন করে সামরিক পদক্ষেপের সব ধারা বাদ দেওয়া হয়। তবুও শেষ পর্যন্ত ভিটোর বাধা কাটানো সম্ভব হয়নি।