নারীর স্বাস্থ্য সুরক্ষা এবং চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠান এরিস্টো আই হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর রোডে এরিস্টো আই হাসপাতালের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা এরিস্টো আই হাসপাতালে বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ ছাড় ও প্রাতিষ্ঠানিক সুবিধা পাবেন।

এ ছাড়া চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়ানো, চোখের রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া, সময়মতো রোগ শনাক্ত করা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা বিস্তারে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, নারী ও শিক্ষার্থীদের মধ্যে এবং বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে চক্ষুস্বাস্থ্যবিষয়ক সেমিনার, মতবিনিময় সভা ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

‘আমরা নারী’র পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব)। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি (লিগ্যাল অ্যাডভোকেসি) ব্যারিস্টার ফারজানা আওয়াল তটিনী এবং সেক্রেটারি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ডা. রাকিবুল হাসান মুরাদসহ অন্য প্রতিনিধিরা।

অন্যদিকে, এরিস্টো আই হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালটির প্রধান নির্বাহী প্রফেসর মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান, হেড অব অপারেশন্স প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ দেলোয়ার হোসাইন এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আনামুল হক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আমরা নারী’র সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ দীর্ঘদিন ধরে নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাদ্য ও টেকসই সামাজিক উন্নয়ন নিয়ে গবেষণা, জনসচেতনতা এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনটির ওয়েবসাইট www.aamranari.org-এ গিয়ে যেকোনো নাগরিক বিনামূল্যে সাধারণ সদস্যপদ নিতে পারবেন। নিবন্ধিত সদস্যরা সমঝোতা স্মারকে নির্ধারিত শর্ত অনুযায়ী নিজেদের ও পরিবারের সদস্যদের জন্য এরিস্টো আই হাসপাতালের বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন।