ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

শুক্রবার গভীর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম আজাদ।

তিনি শনিবার সকালে বলেন, “তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত ২টায় তিনি মারা গেছেন। তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। পরে এ বিষয়ে জানানো হবে।”

পরিবার সূত্রে জানা যায়, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে রাত ২টা ৪৭ মিনিটে তাঁর মৃত্যু হয়।

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। তাঁর মা নূরজাহান সিনহার উৎসাহে ১৯৫৪ সালে তাঁর বাবা হামিদুর রহমান সিনহা একমি ল্যাবরেটরিজ প্রতিষ্ঠা করেন।

মিজানুর রহমান সিনহা ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সরকারি তোলারাম কলেজে পড়াশোনার সময় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন।

তিনি ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮১ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি একাধিক শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছিলেন। তবে পরে অসুস্থ হয়ে পড়লে সেখানে মনোনয়ন পান দলটির অন্য প্রার্থী।

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।