লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
পুলিশ জানায়, সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার পদেও চুক্তিভিত্তিক দায়িত্বে ছিলেন।
জেলা পুলিশ সূত্রে আরও জানা যায়, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে। তিনি ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন বলেও অভিযোগ করা হয়েছে।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “অবৈধভাবে দেশে প্রবেশের পর তার চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়।”
জেলা পুলিশ জানিয়েছে, আটক সাবেক কূটনীতিকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বের পোস্ট :