রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন।

পুলিশ জানায়, অধ্যাপক হাসিবুর রশীদ জুলাই আন্দোলনের সময় নিহত আবু সাঈদ হত্যা মামলার আসামি। এ মামলায় গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, “তিনি তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।”

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। ওই ঘটনার পর উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে।

পরিস্থিতির মধ্যে নিরাপত্তা বাহিনীর পাহারায় ক্যাম্পাস ছাড়েন তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদ। পরে তিনি ৮ আগস্ট পদত্যাগ করেন।

অধ্যাপক হাসিবুর রশীদ ২০২১ সালের ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে শিক্ষকতা করেন।