নাটোরের বাগাতিপাড়ায় মাত্র ৪৫ টাকার চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জয়ন্তীপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জয়ন্তীপুর বাজারের একটি চায়ের দোকানে ৪৫ টাকার বিল পরিশোধ নিয়ে দোকানদার শামীম হোসেন ও মুদি দোকানদার মোস্তফার মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।
পরে বিষয়টি দুই পক্ষের স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন।
আহতদের সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে গিয়েও পরিস্থিতি শান্ত হয়নি। রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা মারামারিতে রূপ নেয়।
খবর পেয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতাল এলাকায় অতিরিক্ত উত্তেজনা না ছড়াতে ব্যবস্থা নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সন্ধ্যার পর দুই পক্ষের আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে আসেন। পরে রাতের দিকে তারা আবারও উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশকে খবর দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ জানিয়েছে, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
পূর্বের পোস্ট :