মন্ত্রিপরিষদ সচিবের পরিচয় ব্যবহার করে একটি মোবাইল ফোন নম্বর থেকে বিভিন্ন দূতাবাসে স্পর্শকাতর তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশের বিশেষ শাখা (এসবি) বলছে, নম্বরটি ক্লোন করে বিদেশ থেকে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে।
এসবির প্রধান অতিরিক্ত আইজি সরদার নূরুল আমিন রোববার বলেন, “নম্বরটি ক্লোন করে বাংলাদেশের বাইরে থেকে ফোন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি।”
গত ৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম ও পরিচয় ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন দূতাবাস থেকে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য চাওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, +৮৮০১৬৩৫৬০১১২১ নম্বর ব্যবহার করে ভারতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন, নাইজেরিয়ায় বাংলাদেশ হাই কমিশন, সংশ্লিষ্ট মিশনের এক মন্ত্রী এবং কানাডায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড দেশের নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং সরকারের ভাবমূর্তির জন্য ঝুঁকিপূর্ণ। এর মাধ্যমে সংবেদনশীল তথ্য ফাঁসের আশঙ্কা তৈরি হচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
চিঠিতে সংশ্লিষ্ট নম্বর ব্যবহারকারী ব্যক্তি বা চক্রকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, পুলিশের মহাপরিদর্শক (আইজি), এসবির অতিরিক্ত আইজি এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালককে অবহিত করা হয়েছে।
পূর্বের পোস্ট :