রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখতে এবং দেশকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে কলেজটি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারের পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি শিক্ষার্থীদের নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, ‘তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনো একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?’

তিনি বলেন, তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে শুধু আন্দোলনে অংশ নিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। দেশ পুনর্গঠন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজেও তরুণদের এগিয়ে আসতে হবে।

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বাতাস ক্রমেই দূষিত হয়ে পড়ছে। এর ফলে বিশেষ করে শিশুরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

তারেক রহমান বলেন, দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করে তুলতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে এসব উদ্যোগ সফল করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুটি আবেদন—দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।’