প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার জন্য সর্বজনীন আবাসন নিশ্চিত করা নাগরিকদের অন্যতম মৌলিক সাংবিধানিক অধিকার। নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও প্রয়োজনীয় নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

সোমবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আবাসন বলতে শুধু মানুষের মাথা গোঁজার ঠাঁই বোঝায় না। নিরাপদ পানি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উন্নত পয়ঃনিষ্কাশন, গণপরিবহন, সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য নিরাপদ পরিবেশও এর অবিচ্ছেদ্য অংশ।

প্রধানমন্ত্রী বলেন, জনবহুল বাংলাদেশে সবার জন্য এ ধরনের আবাসন নিশ্চিত করা সহজ নয়। রাজধানী ঢাকা ইতোমধ্যে অতিরিক্ত জনসংখ্যার চাপে রয়েছে এবং দেশের অন্যান্য বড় শহরেও মানুষের চাপ ক্রমেই বাড়ছে।

তিনি বলেন, পরিকল্পিত, নিরাপদ, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলা সরকারের লক্ষ্য। একই সঙ্গে নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য বাসযোগ্য ও মর্যাদাপূর্ণ আবাসনের ব্যবস্থা করাও সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার।

প্রধানমন্ত্রী জানান, প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। ইতোমধ্যে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

কেন্দ্রীভূত নগরায়ণের পরিবর্তে বিকেন্দ্রীভূত ও ভারসাম্যপূর্ণ নগর ও আঞ্চলিক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে সরকার সারা দেশের জন্য স্থানিক পরিকল্পনা এবং ঢাকার আশপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।

শহরের ওপর চাপ কমাতে গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়ানোর পাশাপাশি শহর ও দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে দ্রুত, সাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আবাসন সংকট মোকাবিলায় বেসরকারি উদ্যোক্তা ও অন্যান্য অংশীজনের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানান। তিনি ব্লকভিত্তিক আবাসন, এলাকাভিত্তিক পার্ক ও খেলার মাঠ এবং নির্ধারিত এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগের কথাও উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, গৃহীত পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা সম্ভব হলে ‘সবার জন্য নিরাপদ বাসস্থান’ দেশের নাগরিকদের জন্য বাস্তবতায় পরিণত হবে, ইনশাআল্লাহ। পরে তিনি বিশ্ব বসতি দিবস ২০২৬-এর কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।