প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরীয় অঞ্চলকে অভিন্ন সমৃদ্ধির কেন্দ্রে পরিণত করতে আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নে বাংলাদেশ তার যথাযথ ভূমিকা পালনে প্রস্তুত।

শনিবার ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স ২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ সংলাপ, অংশীদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি সব আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রেখে কাজ করে যেতে চায় বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, বিপুল জনসমর্থন নিয়ে দায়িত্ব গ্রহণ করা নতুন সরকার জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এ পরিকল্পনার মূল অগ্রাধিকার।

তিনি বলেন, “আমরা এখন প্রতিশ্রুতি থেকে সরাসরি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি।”

তারেক রহমান বলেন, বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য এবং শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। উৎপাদন, সেবা ও রপ্তানিসহ বিভিন্ন খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। বিনিয়োগ আকর্ষণে নীতিগত নিশ্চয়তা ও দীর্ঘমেয়াদি নীতিমালার ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারের মায়েদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। ‘কৃষক কার্ড’ কৃষকদের সরকারি প্রণোদনা, কৃষিসেবা ও বাজারব্যবস্থার সঙ্গে যুক্ত করবে। ‘হেলথ কার্ড’-এর মাধ্যমে সবার জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি ‘ইউনিভার্সেল কার্ড’-এর আওতায় নাগরিকেরা সমন্বিতভাবে বিভিন্ন সরকারি সেবা পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে, যাঁদের প্রায় ৮০ শতাংশই হবেন নারী। তাঁরা তৃণমূল পর্যায়ে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় ক্ষেত্রে রেফারেল সেবা দেবেন। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষাব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের জন্য নয়, বরং বাস্তব জীবনের উপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে। আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পাঠ্যক্রমে সংস্কৃতি, খেলাধুলা, মূল্যবোধ ও নৈতিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার সুযোগও সৃষ্টি করা হবে।

তিনি বলেন, প্রথম শ্রেণি থেকেই বিনামূল্যে স্কুলের পোশাক, ব্যাগ, দুপুরের খাবার ও বৃত্তি দেওয়া হবে। মেয়েদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো হবে।

দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে জাতীয় অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে দক্ষতা উন্নয়ন ও উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে ভাষাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও স্টার্ট-আপগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, তরুণদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলে ‘ব্রেইন ড্রেন’ বা মেধা পাচারকে ‘ব্রেইন সার্কুলেশন’-এ রূপান্তর করতে চায় সরকার।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের জন্য প্রযুক্তি, সেচ, কৃষি অর্থায়ন ও বাজারসুবিধা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্য, প্রাণিসম্পদ ও গ্রামীণ উদ্যোক্তাদের সহায়তা দেওয়া হচ্ছে। খাদ্যনিরাপত্তা জোরদারের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিমুখী শিল্পের প্রসারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও জলপথ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা উন্নত করতে পদ্মা ব্যারাজ প্রকল্প এগিয়ে নেওয়া হচ্ছে এবং তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এসব উদ্যোগ কৃষির উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বাড়াতে সহায়তা করবে।

পরিবেশ সুরক্ষায় সরকারের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং বর্জ্য পুনর্ব্যবহার ও পরিবেশবান্ধব শিল্প স্থাপনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিশ্বের শীর্ষ ১০০টি লিড সার্টিফায়েড কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত, যা টেকসই শিল্পায়নে দেশের অগ্রগতির প্রতিফলন। পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর গড়ে তোলার মাধ্যমে বর্জ্য কমানো, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অপরিহার্য। এ লক্ষ্যে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি সুদৃঢ় করার পাশাপাশি মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রকৃত অর্থেই জনগণের সেবায় নিয়োজিত রাখার জন্য একটি কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। তাঁদের দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান লক্ষ্য। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত রাজনৈতিক সমর্থন ও অর্থায়ন প্রয়োজন।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো মিয়ানমারে বিদ্যমান। তাই এই সংকটের স্থায়ী সমাধানও মিয়ানমারেই হতে হবে।

বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সমুদ্রবন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতির মাধ্যমে বিশ্ববাজারের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়ার বিশাল সুযোগ সৃষ্টি করেছে। জাহাজ চলাচল, মৎস্যসম্পদ, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহব্যবস্থায় বঙ্গোপসাগরকে ঘিরে বিপুল সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, অভিন্ন ভৌগোলিক অবস্থানকে অভিন্ন সমৃদ্ধিতে রূপান্তর করতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে হবে। বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি নতুন বাজার উন্মুক্ত করা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে আঞ্চলিক অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। ভৌগোলিক অবস্থান দেশগুলোকে একত্রিত করলেও জনগণের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্ক এ সহযোগিতাকে আরও এগিয়ে নিতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ তার জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষিত রেখেই সব আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করে যাবে। শান্তি ও সম্প্রীতিই অভিন্ন সমৃদ্ধি ও উন্নয়নের মূল ভিত্তি।

বঙ্গোপসাগরীয় অঞ্চলকে এমন একটি সহযোগিতামূলক অঞ্চলে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, যেখানে প্রতিটি রাষ্ট্র একসঙ্গে এগিয়ে যাবে, পারস্পরিক সুবিধা অর্জন করবে এবং নাগরিকদের কল্যাণে অর্থবহ সহযোগিতা সম্প্রসারিত হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার যথাযথ ভূমিকা পালনে সম্পূর্ণ প্রস্তুত।

তিনি সম্মেলনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।