সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামো অনুযায়ী ১ম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করা হয়।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, ১ম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডের মূল বেতন হবে ২০ হাজার টাকা। ২০১৫ সালের অষ্টম পে-স্কেলে ১ম গ্রেডের মূল বেতন ছিল ৭৮ হাজার টাকা এবং ২০তম গ্রেডে ছিল ৮ হাজার ২৫০ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো চলতি বছরেই কার্যকর হবে। তবে সরকারি বাজেটের ওপর চাপ কমাতে বর্ধিত বেতন ও বকেয়া অর্থ ধাপে ধাপে পরিশোধ করা হতে পারে।
নতুন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ এবং ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়বে। বেতন বৃদ্ধির সঙ্গে বিভিন্ন ভাতাও আনুপাতিক হারে বাড়বে।
মন্ত্রিসভার অনুমোদনের পর এখন নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
অর্থাৎ, দীর্ঘ প্রতীক্ষার পর নবম পে-স্কেল অনুমোদনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় পরিবর্তনের পথ খুলল।
পূর্বের পোস্ট :