নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকাল ১০টা ২৭ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি।
পরে তিন বাহিনীর একটি চৌকস দল নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
বইয়ে দেওয়া মন্তব্যে রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের বিনিময়েই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে। জাতীয় স্মৃতিসৌধকে তিনি দেশের গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রপতি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের আদর্শ সমুন্নত রেখে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় তিনি মুক্তিযুদ্ধের বীর, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্ম গাছের চারা রোপণ করেন। পরে তিনি স্মৃতিসৌধ ত্যাগ করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, প্রেস সেক্রেটারি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূর্বের পোস্ট :