সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের বিরতির সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার চারজন বিদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করেন।
আজ দুপুরে জাতীয় সংসদে গিয়ে তারা সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানের ছবি তোলেন। পরে তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার (দিপু) উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষক-শিক্ষার্থী সংসদ পরিদর্শনের সুযোগ পান।
এছাড়া নটরডেম কলেজের ৪৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষকসহ ৫৩ জন, বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চারজন বিদেশি শিক্ষার্থীসহ আটজন এবং সংসদ সদস্য ফাহমিদা হক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের উদ্যোগে ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করেন।
পূর্বের পোস্ট :