দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের সক্রিয় থাকতে হবে।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের মধ্যাহ্ন বিরতিতে অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী এদিন বাজেট অধিবেশন দেখতে জাতীয় সংসদে আসেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। তারা এ অভিজ্ঞতাকে স্মরণীয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার উদ্যোগে তাঁর নির্বাচনী এলাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সংসদে আসে। প্রতিষ্ঠানগুলো হলো ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়, ডোনাভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রাজৈর বালিকা উচ্চবিদ্যালয় এবং টেকেরহাট পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজ।
বাজেট অধিবেশন পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। এ সময় তারা সংসদের ইতিহাস, স্থাপত্য ও কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন।
পূর্বের পোস্ট :