বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, ফ্যাসিবাদ ধ্বংস করে শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশের মানুষ ঈদ উদযাপনের সুযোগ পেয়েছে এ কথা যেন কেউ ভুলে না যায়।
সন্ধ্যায় দেয়া এক শুভেচ্ছা বার্তায় নাহিদ বলেন, ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল প্রান্তের মুসলিমদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মুবারক।
আত্মশুদ্ধি ও সংযমের আদর্শে মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আসে উল্লেখ করে নাহিদ বলেন, “এ উৎসব ধনী-গরিব, ছোট-বড়, উঁচু-নিচু সমাজের সকল ভেদাভেদ ভুলিয়ে আমাদের সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে এবং শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা, বিদ্বেষ ও বিভেদের অন্ধকার দূর করে ঈদ আমাদের হৃদয়ে আনে নির্মল প্রশান্তি।”
এ দেশের মুসলিমদের জন্য এটি ফ্যাসিবাদ-উত্তর দ্বিতীয় ঈদুল ফিতর উল্লেখ করে নাহিদ বলেন, “দীর্ঘ দেড় দশক ধরে ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত ছিলেন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির অসংখ্য নেতাকর্মী। আমরা যেন কখনো ভুলে না যাই- শত শত শহিদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছি।”
“যাদের সর্বস্ব ত্যাগে আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি, আসুন, সেই পরিবারগুলোর পাশে দাঁড়াই। আমাদের আহত সংগ্রামী ভাই-বোনদের খোঁজখবর নেওয়া এবং পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব,” দেশবাসীর প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।
প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ বলেন, “ঈদের আনন্দ ও পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত থেকে যারা দূর প্রবাসে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। ”
একজন সচেতন মুসলিম হিসেবে ঈদের দিনে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সমাজের দরিদ্র, অসহায়, অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব বলে উল্লেখ করেন নাহিদ।
“এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করেন” শুভেচ্ছা বার্তায় বলেন নাহিদ।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল সাতটায় বেরাইদের পূর্বপাড়া বড় মসজিদে ঈদ জামায়াত আদায় করবেন। সেখানে ঈদের নামাজ শেষে কুশলাদি বিনিময় করবেন এনসিপির এ নেতা।
পূর্বের পোস্ট :