ঢাকা: পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কোরআন এই রাতেই অবতীর্ণ হয়েছে এবং মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয় এই রাতে।
তিনি আরও বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।
পোস্টে প্রধানমন্ত্রী সবাইকে এ রাতের তাৎপর্য অনুধাবন করে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার পাশাপাশি মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
তিনি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলেন, পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত যেন সবার ওপর বর্ষিত হয় এবং দেশ ও জাতি অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে এগিয়ে যায়।
পূর্বের পোস্ট :