প্রথম কোয়ালিফায়ারের মতো দ্বিতীয় কোয়ালিফায়ার হেরে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে মেহেদি হাসান মিরাজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

আজ সকালে অনুষ্ঠিত সিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জ্যামাইকা কিংসম্যানের কাছে ৫ উইকেটে হেরেছে গায়ানা। এতে কোয়ালিফায়ার রাউন্ড থেকে সিপিএল শেষ করল লিগ পর্বে ১০ ম্যাচে ৮ জয় ও ২ হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা গায়ানা।

এ ম্যাচে গায়ানার হয়ে ব্যাট করার সুযোগ পাননি বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। বল করার সুযোগ পেলেও ৪ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মিরাজ।

বার্বাডোজে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শিমরোন হেটমায়ারের সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করে গায়ানা। ৪টি চার ও ৮টি ছক্কায় ৪৫ বলে অনবদ্য ১০২ রান করেন হেটমায়ার। ব্যাট হাতে নামার সুযোগ পাননি মিরাজ।

জবাবে ২ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছায় জ্যামাইকা। দলের হয়ে কেসি কার্টি ৪০ বলে ৫৬, মাজ সাদাকাত ১৭ বলে ৪১ ও অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৭ বলে অপরাজিত ৪০ রান করেন।

দ্বিতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ৪ ওভারে ৪৩ রান খরচ করেও উইকেটের দেখা পাননি মিরাজ।

সিপিএলের এবারের মৌসুমে গায়ানার হয়ে ৫ ম্যাচ খেলে ১১৪ রানে ৯ উইকেট শিকার করেন মিরাজ।

আগামী ২১ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে জ্যামাইকা কিংসম্যান এবং অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।