দুটি বিশ্বকাপ খেলা সাবেক মার্কিন অধিনায়ক টমাস ডুলিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৬৫ বছর বয়সী ডুলি স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার উত্তরসূরি হলেন। কাবরেরার মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোচের খোঁজে ছিল বাফুফে। নানা আলোচনা-পর্যালোচনার পর সান মারিনোর বিপক্ষে ম্যাচের প্রায় দুই সপ্তাহ আগে তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
আগামী ৫ জুন প্রীতি ম্যাচে সান মারিনোর বিপক্ষে খেলবে বাংলাদেশ। ইউরোপের কোনো দেশের বিপক্ষে এটিই হবে বাংলাদেশের প্রথম ম্যাচ।
মার্কিন সেনাবাহিনীতে কর্মরত বাবা ও জার্মান মায়ের সন্তান ডুলি ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন। ১৯৯৪ বিশ্বকাপে অভিষেকের পর ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়ক ছিলেন তিনি।
জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবে প্রায় ২০ বছর খেলার পর ২০০২ সালে প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন ডুলি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী প্রশিক্ষক ছিলেন তিনি। সে সময় দলটির প্রধান প্রশিক্ষক ছিলেন জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমান।
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফিলিপাইন জাতীয় দলের প্রধান প্রশিক্ষক ছিলেন ডুলি। তার অধীনে ফিলিপাইন অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় এবং নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ফিফা অবস্থান অর্জন করে।
২০২২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য আবারও ফিলিপাইনের দায়িত্ব নেন তিনি। সবশেষ ২০২৫ সাল পর্যন্ত গায়ানা জাতীয় দলের প্রধান প্রশিক্ষক ছিলেন। তার অধীনে গায়ানা চার ম্যাচ খেলেই চারটিতে জয় পায়।
বাফুফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দল গড়ে তোলার ক্ষেত্রে ডুলির বিশেষ দক্ষতা রয়েছে। পাশাপাশি এশিয়ার ফুটবলের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সমর্থকদের আবেগ সম্পর্কেও তার গভীর ধারণা আছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল দলে পরিণত করার লক্ষ্য নিয়েই নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন ডুলি।”
পূর্বের পোস্ট :