কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে অন্তত তিনটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। এ ঘটনায় জাহাজগুলোতে বিস্ফোরণের পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর মধ্যে একটি প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। বাকি দুটি ছিল পূর্বাঞ্চলে। নির্দেশনা অমান্য করার কারণেই এসব জাহাজ নৌ-মাইনের আঘাতে পড়েছে বলে দাবি করেছে ইরান।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের বিষয়টি স্পষ্ট করে দিয়েছে আইআরজিসি।

ইরানি বাহিনীর দাবি, বর্তমানে ওই নৌ-এলাকা বন্ধ রয়েছে এবং তাদের নিয়ন্ত্রণে আছে। অনুমতি ছাড়া বিকল্প নৌপথ ব্যবহার কিংবা সমুদ্রপথে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে চলাচলের সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।