ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে দেশটির অবশিষ্ট অংশও ধ্বংস করে দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী সিদ্ধান্ত খুব শিগগিরই জানা যাবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র এখন নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। দেশটির বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না, সেটিও বিবেচনায় রয়েছে। তবে সম্ভব হলে ইরানের বাকি অংশ ধ্বংস করতে চান না তিনি। তারপরও পরিস্থিতির কারণে এমন পদক্ষেপ নিতে হতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরান এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারবে না। তেহরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান ওয়াশিংটনের কাছে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও সমঝোতার সম্ভাবনা তৈরি হলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

ট্রাম্পের এমন বক্তব্যে ইরান পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র সামরিক অভিযান আরও বাড়াবে, নাকি কূটনৈতিক সমাধানের পথে এগোবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।