জোহরের ১৬তম রাজ্য নির্বাচনে তরুণ ও অভিজ্ঞ, দুই প্রজন্মের নেতৃত্বই ভোটারদের আস্থা পেয়েছে। ২৮ বছর বয়সী ফেলিসিয়া পোহ রুই লিং নির্বাচনের সবচেয়ে কম বয়সী বিজয়ী হিসেবে ইতিহাস গড়েছেন। অন্যদিকে, ৬৫ বছর বয়সী সামসোলবারি জামালি সেমারাং আসনে টানা ষষ্ঠবারের মতো জয় পেয়েছেন।

ডিএপির প্রার্থী ফেলিসিয়া পোহ পেংগারাম আসনে ২৪ হাজার ৫২২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বারিসান ন্যাশনালের (বিএন) ৬৫ বছর বয়সী বুউ চিন লিয়ং পান ২০ হাজার ৩৮৫ ভোট। এতে ফেলিসিয়া ৪ হাজার ১৩৭ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

বাতু পাহাত সংসদীয় আসনের অন্তর্ভুক্ত পেংগারামে নিবন্ধিত ভোটার সংখ্যা ৭০ হাজার ২৯৪। বর্তমান প্রতিনিধি গান পেক চেং নির্বাচন না করায় এই আসনে নতুন মুখ হিসেবে লড়েন ফেলিসিয়া। তাঁর জয়ে আসনটি পাকাতান হারাপানের (পিএইচ) দখলেই থাকে।

অন্যদিকে, উমনোর আইয়ার হিতাম বিভাগের প্রধান দাতুক সামসোলবারি জামালি সেমারাং আসনে টানা ষষ্ঠবারের মতো জয় নিশ্চিত করেছেন। তিনি পেরিকাতান ন্যাশনালের (পিএন) মুহাম্মদ শাফিক আবদুল আজিজ এবং পিএইচের রামলি আবদ হামিদকে বড় ব্যবধানে পরাজিত করেন।

সামসোলবারি পান ১৪ হাজার ৬৭৯ ভোটের ব্যবধানের জয়। তাঁর দুই প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ শাফিক ও রামলি যথাক্রমে ২ হাজার ৬৯৫ এবং ২ হাজার ২০৫ ভোট পান।

২০০৪ সালে প্রথমবার সেমারাং আসনে নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিবারই জয় ধরে রেখেছেন সামসোলবারি।

এবারের নির্বাচনে সবচেয়ে কম বয়সী প্রার্থী ছিলেন ২৩ বছর বয়সী ড্যানিশ হসমান আবদ রহমান। তিনি পিএইচের হয়ে জোহর লামা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর সবচেয়ে বেশি বয়সী প্রার্থী ছিলেন ৭৩ বছর বয়সী লিম চিন ইং (রোল্যান্ড লিম), যিনি পিএনের হয়ে স্টুলাং আসনে নির্বাচন করেন।

জোহরের ৫৬টি রাজ্য আসনে এবার মোট ১৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।