বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত রাখার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সব ধরনের অভিবাসী ভিসা আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ জুন ২০২৬ থেকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দ্রুততম সময়ে, অর্থাৎ দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ সম্পন্ন করা হবে।
এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। ওই সিদ্ধান্তটি ছিল দেশটির অভিবাসন নীতিতে পরিবর্তনের অংশ।
তৎকালীন নীতির আওতায় যেসব দেশের নাগরিকরা তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর বেশি নির্ভরশীল, সেসব দেশকে তালিকাভুক্ত করে এই স্থগিতাদেশ দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব ভিসা অভিবাসন ক্যাটাগরির অন্তর্ভুক্ত তার মধ্যে রয়েছে—মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী, বাগদত্তা, দত্তক নেওয়া সন্তান, মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দার পরিবারের নির্দিষ্ট সদস্য এবং চাকরির সূত্রে যুক্তরাষ্ট্রে যাওয়া ব্যক্তিরা।
নীতিগত এই পরিবর্তনের ফলে দীর্ঘদিন ধরে ভিসা প্রক্রিয়ায় থাকা অনিশ্চয়তা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।
পূর্বের পোস্ট :