সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের সামরিক হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকেই উত্তেজনা চরমে ওঠে। এর জবাবে তেহরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে আসছে।

এই ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত তিন শতাধিক মার্কিন সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ২৭৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে নিজ নিজ দায়িত্বে ফিরে গেছেন।

এদিকে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে রয়টার্স।

পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।