স্বামী–সন্তানকে নিয়ে ঈদের রান্নার আয়োজন করতে ভালোবাসেন অভিনেত্রী রুনা খান। পরিবারের পছন্দের খাবার নিজের হাতে রান্না করেন তিনি। এবার ঈদেও রান্নাঘরে থাকছে তাঁর বিশেষ আয়োজন—গরুর ঝাল ভুনা, সাদা পোলাও ও পায়েস।
রুনা খান জানান, স্বামী এষণ ওয়াহিদের পছন্দ তাঁর হাতের মোরগ পোলাও ও ডিমের হালুয়া। আর মেয়ে রাজেশ্বরী সবচেয়ে পছন্দ করে গরুর ভুনা, মুরগির কোরমা ও নরম খিচুড়ি।
রান্না শেখার গল্প বলতে গিয়ে অভিনেত্রী বলেন, তাঁর রান্নার মূল অনুপ্রেরণা মা। “আমার মায়ের রান্না ভীষণ ভালো। ছোট থেকে মাকে যেভাবে রান্না করতে দেখতাম, সেটাকেই অনুকরণ করার চেষ্টা করি,” বলেন তিনি।
নিজের সবচেয়ে প্রিয় খাবারও মায়ের হাতের রান্না। তবে বাসার বাইরে তাঁর পছন্দের খাবারের তালিকায় আছে সোবহানবাগের তেহারি ঘরের তেহারি।
সাদা পোলাও
উপকরণ
পোলাও চাল: ৪ কাপ
ঘি: ৪ টেবিল চামচ
পানি: ৮ কাপ
লবণ: স্বাদমতো
গাজরকুচি: সিকি কাপ
পেঁয়াজ বেরেস্তা: আধা কাপ
প্রণালি
প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। একটি পাত্রে ঘি গরম করে চাল হালকা ভেজে নিতে হবে। এরপর পানি ও লবণ দিয়ে ঢেকে দিতে হবে। এতে গাজরকুচি যোগ করতে হবে। পানি শুকিয়ে এলে ঢেকে দমে রাখতে হবে। শেষে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করতে হবে।
পায়েস
উপকরণ
গরুর দুধ: ৪ লিটার
পোলাওয়ের চাল: ১ মুঠো
ঘি: ১ চা-চামচ
চিনি: ৩ কাপ
লবণ: এক চিমটি
প্রণালি
একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ১ লিটারে নামিয়ে আনতে হবে। আলাদা করে পোলাওয়ের চাল সামান্য ঘি দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর সেই চাল দুধে দিয়ে কম আঁচে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। চাল সেদ্ধ হয়ে গেলে চিনি ও লবণ দিতে হবে। দুধ ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করতে হবে।
গরুর ঝাল মাংস ভুনা
উপকরণ
গরুর মাংস: ১ কেজি
পেঁয়াজবাটা: ২ টেবিল চামচ
আদাবাটা: ১ টেবিল চামচ
রসুনবাটা: ১ টেবিল চামচ
হলুদগুঁড়া: ১ চা-চামচ
শুকনা মরিচগুঁড়া: ১ চা-চামচ
গরম মসলাবাটা: ১ টেবিল চামচ
লবণ: স্বাদমতো
সর্ষের তেল: দেড় কাপ
প্রণালি
সব উপকরণ একসঙ্গে মাংসের সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকেই পানি বের হবে। একটি পাত্রে মাংস ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে। দেড় থেকে দুই ঘণ্টা রান্না করলে মাংস নরম হয়ে তেল ছেড়ে ভুনা হয়ে যাবে। গরম গরম পরিবেশন করতে হবে।
পূর্বের পোস্ট :