ঈদে সিনেমা দেখতে গিয়ে টিকিট নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন বহু দর্শক। অনলাইনে টাকা কেটে নেওয়ার পরও টিকিট না পাওয়া, হলে গিয়ে নতুন করে টিকিট কাটতে বাধ্য হওয়া, রিফান্ড পেতে বিলম্ব—এমন নানা সমস্যার কথা জানিয়েছেন তাঁরা। এসব অভিযোগ উঠেছে দেশের মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স-এর বিরুদ্ধে।
রাজধানীর বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার ও মিরপুর সনি স্কয়ার শাখায় কথা বলে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
দর্শক নাজমুস সালেহীন বলেন, ‘রাক্ষস’ সিনেমার ছয়টি টিকিট অনলাইনে কাটলেও কোনো কনফার্মেশন পাননি। পরে হলে গিয়ে তাঁকে নতুন করে টিকিট কাটতে বলা হয়। আপত্তি জানালে ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে তিনি টিকিট পান। তাঁর ভাষায়, “টাকা কেটে নেওয়ার পরও টিকিট না পাওয়া বড় ভোগান্তি।”
একই ধরনের অভিজ্ঞতার কথা জানান মুশফিকুর রহমান। তিনি ‘দম’ সিনেমার দুটি ভিআইপি টিকিট কাটলেও নিশ্চিতকরণ বার্তা পাননি। কয়েক দিন পরও টাকা ফেরত না পেয়ে হলে গিয়ে যোগাযোগ করেন। তিনি বলেন, “কাস্টমার কেয়ারে ফোন ধরেনি, ই-মেইলেও কোনো উত্তর পাইনি।”
তাবাসসুম মুন বলেন, অনলাইনে টিকিট না পেয়ে পরে হলে গিয়ে নতুন করে টিকিট কিনতে হয়েছে তাঁকে। আগের টাকার রিফান্ডও এখনো পাননি। তাঁর ভাষায়, “ঈদের সময় সিনেমা দেখতে না পারলে পরে টাকা ফেরত দিয়ে কী হবে?”
দামের তারতম্য নিয়েও প্রশ্ন তুলেছেন দর্শকেরা। মাহবুব মোর্শেদ বলেন, এক শাখায় একটি সিনেমার টিকিট ১৮০০ টাকা, অন্য শাখায় ৪০০ থেকে ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। “এত বেশি দামে টিকিট কিনে সিনেমা দেখা সবার পক্ষে সম্ভব নয়,” বলেন তিনি।
তানিয়া হোসেন জানান, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার টিকিট কেটেও হলে ঢুকতে পারেননি। পরে বিশেষ শোতে সিনেমা দেখার সুযোগ পান।
অভিযোগের বিষয়ে স্টার সিনেপ্লেক্স-এর মিডিয়া ও মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ঈদে অতিরিক্ত দর্শকের চাপের কারণে সার্ভারে জটিলতা তৈরি হয়েছে। এতে টিকিট বুকিং ও নিশ্চিতকরণে সমস্যা হয়েছে।
রিফান্ড প্রসঙ্গে তিনি বলেন, পেমেন্ট তৃতীয় পক্ষের গেটওয়ের মাধ্যমে হওয়ায় টাকা ফেরত পেতে ৩–৪ কার্যদিবস সময় লাগছে। তবে সবাই টাকা ফেরত পাবেন।
টিকিটের দামের পার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, হলভেদে সিট, স্ক্রিন ও সাউন্ড সিস্টেমের মান অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়।
এবারের ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা—‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। তবে টিকিট জটিলতায় অনেক দর্শকের জন্য উৎসবের আনন্দ ম্লান হয়ে গেছে।
পূর্বের পোস্ট :