বিনোদনের আবহে তৈরি হলেও গভীর রাজনৈতিক বার্তা নিয়ে নির্মিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ঝড় তুলেছে অস্কারের মঞ্চে। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ছবিটি।

রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত এই সিনেমাটি সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা পরিচালকসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে অস্কার জিতে নেয়।

ছবিটি পরিচালনার জন্য সেরা পরিচালকের অস্কার জিতেছেন পল টমাস অ্যান্ডারসন। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেন তিনি। বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ এবং শ্বেতাঙ্গ আধিপত্যসহ সমকালীন আমেরিকার নানা বাস্তবতা উঠে এসেছে এই ছবিতে। জানা গেছে, প্রায় দুই দশক ধরে ছবিটি নির্মাণের পরিকল্পনা ও কাজ করেছেন অ্যান্ডারসন।

এদিকে অস্কারে দ্বিতীয় সর্বোচ্চ সাফল্য পেয়েছে রায়ান কুগলার পরিচালিত হরর সিনেমা ‘সিনার্স’। ছবিটি অভিনেতাসহ মোট চারটি বিভাগে পুরস্কার জিতেছে। একইসঙ্গে ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান।

অন্যদিকে ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন আইরিশ তারকা জেসি বাকলি। গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস, বাফটা ও অ্যাক্টরস অ্যাওয়ার্ড জয়ের ধারাবাহিকতায় এবার অস্কারও উঠল তার হাতে। এর মাধ্যমে প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে এই পুরস্কার জয়ের ইতিহাস গড়লেন তিনি।

এ ছাড়া ‘ফ্রাঙ্কেনস্টাইন’ সিনেমাটি তিনটি বিভাগে অস্কার জিতেছে। মুক্তির পর থেকেই আলোচনায় থাকা নেটফ্লিক্সের সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’ পেয়েছে দুটি অস্কার।

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এই আয়োজন সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন।