রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এসব ঘটনায় নগরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনার পর যাত্রী ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয় ফার্মগেট মেট্রো স্টেশন। পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুক্ষণ পর আবারও যাত্রী চলাচল শুরু হয়।

এদিকে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ককটেল ও মোটরসাইকেলসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুজনকে আটক করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে শ্যামপুর এলাকা থেকেও একজনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এছাড়া রাজধানীর উত্তরা এলাকার শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় এবং মিরপুর বাংলা কলেজের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রাজধানীর বিভিন্ন স্থানে এসব ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।