দিনের আলো ফোটার আগেই বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বুধবার (১১ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয় ভিন্ন আবহ। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানিও দেখা যায়।
এর আগে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বের পোস্ট :