​বরিশাল-পটুয়াখালী মহাসড়কের গুরুত্বপূর্ণ ‘দপদপিয়া সেতু’ (শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু) সংস্কারে পিচ বা বিটুমিনের পরিবর্তে ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।

সোমবার সরেজমিনে সেতু সংস্কারে কাজ ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সেতুর বেশ কয়েকটি স্থানের ক্ষতিগ্রস্ত অংশে ইট ও সুরকি দিয়ে খানাখন্দ ভরাট করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে না পিচ কিংবা বিটুমিন।

এতে করে সংস্কারের উদ্দেশ্য বাস্তবায়নের বদলে উল্টো পথচারী ও চালকদের জন্য মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

​স্থানীয় ও যানবাহন চালকদের অভিযোগ, প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে দূরপাল্লার বাস, ট্রাকসহ শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে।

সেতুর মাঝখানে ও সংযোগ সড়কের একাধিক জায়গায় ইট দিয়ে সংস্কার করায় স্থানগুলো অমসৃণ হয়ে পড়েছে। বিশেষ করে মোটরসাইকেল ও থ্রি-হুইলার গাড়িগুলো ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়ছে। রাতে বা বৃষ্টির দিনে এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো দূর থেকে দৃশ্যমান না হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।

​একটি প্রথম শ্রেণির জাতীয় মহাসড়ক ও অন্যতম প্রধান সেতুর টেকসই সংস্কার না করে এভাবে ইট দিয়ে সাময়িক জোড়াতালি দেওয়াকে কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতা বলে অভিহিত করছেন ক্ষুব্ধ পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

​এ বিষয়ে দ্রুত দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী ও চালকেরা সেতুর ক্ষতিগ্রস্ত অংশগুলোতে মানসম্মত বিটুমিন বা স্থায়ী কার্পেটিংয়ের মাধ্যমে দ্রুত ও টেকসই সংস্কার কাজের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।