চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশের যৌথ দল। এ সময় তাঁর আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। অভিযানে তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান চালানো হয়। চট্টগ্রাম জেলা পুলিশ, যশোর কোতোয়ালি থানা পুলিশ ও যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মোট নয়টি দল যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে তাঁর বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত এগিয়ে নেওয়া যায়।
পুলিশ জানায়, সম্প্রতি চট্টগ্রামে সংঘটিত একাধিক চাঁদাবাজি, হামলা ও অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্তে ডেভিড ইমনের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। এরপর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে যশোরের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এতে তাঁকে ও তাঁর সহযোগীদের আটক করা সম্ভব হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ডেভিড ইমন তাঁর সহযোগীদের নিয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
গ্রেপ্তার ডেভিড ইমন (২৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৭ নম্বর কাঞ্চনগর ইউনিয়নের কাঞ্চনগর গ্রামের বাসিন্দা। তিনি মৃত মো. মুসার ছেলে।
এ ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন—আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), ঢাকার শ্যামপুর থানার জুরাইন এলাকার বাসিন্দা; মো. শামিম (২৮), বর্তমানে ঢাকার মতিঝিল এলাকায় বসবাসকারী; এবং মো. সাফায়েত হোসেন (২৮), নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা, বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পূর্বের পোস্ট :