দেশের ভবিষ্যৎ আইনজীবী ও আইন গবেষকদের বাস্তবভিত্তিক আইন শিক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে শিক্ষা সফর ও জ্ঞানবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘আমরা নারী’। এতে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩০ জন শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বাংলাদেশের সংবিধান, অ্যাটর্নি জেনারেলের সাংবিধানিক দায়িত্ব, রাষ্ট্র পরিচালনায় আইনের শাসনের গুরুত্ব, পেশাগত সততা, নৈতিক নেতৃত্ব এবং একজন আইনজীবীর সামাজিক দায়বদ্ধতা বিষয়ে বক্তব্য দেন।
এ সময় উপ-অ্যাটর্নি জেনারেল তাসনুভা শেলী ও আইনজীবী দেওয়ান হুমায়ুন কবির রিপন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা আইন পেশার বাস্তব অভিজ্ঞতা, সাংবিধানিক দায়িত্ব, পেশাগত নৈতিকতা এবং ভবিষ্যৎ কর্মজীবনে প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে দিকনির্দেশনা দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) মো. তারেক জুবায়ের। তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ তদন্ত, আধুনিক পুলিশি কার্যক্রম এবং বিচারপ্রক্রিয়ায় আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা তুলে ধরেন।
শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার প্রক্রিয়া, সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্ব, আইন পেশায় কর্মজীবনের সম্ভাবনা এবং সমসাময়িক বিভিন্ন আইনগত বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের শিক্ষা সফর শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটায়। পাশাপাশি ভবিষ্যৎ আইনজীবীদের পেশাগত দক্ষতা, নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা পালনে উৎসাহিত করে।
আয়োজক প্রতিষ্ঠান ‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান (বিপ্লব), সভাপতি শাবনাম শেহনাজ চৌধুরীসহ সংগঠনের অন্য প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা সফরে অংশ নেন।
পূর্বের পোস্ট :