কোরবানির ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ১৩ মে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন স্টেশনগুলো খোলা থাকবে।
সে হিসাবে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।
এদিকে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকার ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। তবে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।
পূর্বের পোস্ট :