মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও তাদের আট মাসের শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার গভীর রাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তাঁর স্ত্রী ইশা দাস এবং তাঁদের আট মাস বয়সী সন্তান।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় গত তিন বছর ধরে ভাড়া থাকতেন মিষ্টি বাড়ৈ। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার যতীন বাড়ৈয়ের স্ত্রী।

ওসি বলেন, রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস তাঁর পরিবার নিয়ে ওই বাসায় যান। রাতে তাঁরা একটি কক্ষে অবস্থান করছিলেন। পরে মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তাঁর কাছ থেকে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়।

এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় মিষ্টি বাড়ৈকে রাখা হয়েছে।

নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।