আজ থেকে আসন্ন ঈদুল আজহা পর্যন্ত দেশের সব মার্কেট, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দোকান মালিক সমিতি জানায়, বিদ্যুৎ সংকট মোকাবিলায় মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে ঈদকে কেন্দ্র করে নতুন এ সময়সূচী নির্ধারণ করা হয়েছে।
সরকারের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে সমিতি জানায়, তাদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ১২ মে থেকে ঈদুল আযহা পর্যন্ত মার্কেট, বিপনী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহ রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করতে সম্মত হয়েছে
তবে অপ্রয়োজনে যাতে বিদ্যুৎ খরচ না হয় সেজন্য এসব প্রতিষ্ঠানে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে সমিতি।
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, ঈদুল আজহা উপলক্ষে সমিতি শুরুতে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সরকারের কাছে আবেদন করেছিল। পরবর্তীতে সরকার রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে।
জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। এরপর ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ৫ এপ্রিল থেকে একঘণ্টা বাড়িয়ে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৭টা করা হয়। সেই হিসাবে ১১ মে পর্যন্ত আগের সময়সূচিতেই এসব প্রতিষ্ঠান পরিচালিত হয়ে এসেছে।
পূর্বের পোস্ট :