দেশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুরোধে জরুরি স্বাস্থ্যসেবা সহায়তার অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যুক্তরাষ্ট্রে নির্মিত উন্নতমানের ১০টি নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর প্রদান করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।
মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে রেডিয়েন্টের বোর্ড সদস্য মুসাওয়াত শাম্স জাহেদী ভেন্টিলেটরগুলো হস্তান্তর করেন।
এর আগে, গত ৩১ মার্চ জরুরি স্বাস্থ্যসেবা সহায়তার অংশ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) দুই সেট নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর প্রদান করেছিল প্রতিষ্ঠানটি।
রেডিয়েন্ট জানিয়েছে, অত্যাধুনিক এসব নিওনেটাল ভেন্টিলেটর গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতকদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বর্তমান স্বাস্থ্য সংকটের সময়ে নবজাতকদের জীবনরক্ষাকারী চিকিৎসাসেবার সক্ষমতা আরও জোরদার হবে।
দেশের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে বলেও উল্লেখ করা হয়। জনস্বাস্থ্য উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছে।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে রেডিয়েন্টের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পূর্বের পোস্ট :