আগামী ১৩ মে থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারি বর্ষণের কারণে সিলেট অঞ্চলের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সোমবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “আগামী ১৩ মে থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুরুতে রংপুর বিভাগে বৃষ্টির প্রভাব বেশি থাকলেও পরদিন থেকে তা কমে এসে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।”

তিনি জানান, ১৫ মে’র পরেও সিলেট ও আশপাশের এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে নতুন তথ্য জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ‘ভারি’ বর্ষণ এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে ‘অতি ভারি’ বর্ষণ হিসেবে ধরা হয়।

সোমবার জারি করা ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি ও তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এতে সিলেট বিভাগের নিচু এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

১৫ মে শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এদিকে সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।