যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার সকাল ৮টা ৫৯ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
এর আগে শনিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে লিমনের কফিন পাঠানো হয় বলে ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস জানিয়েছিল।
সকালেই বিমানবন্দরের কার্গো গেটে উপস্থিত হন লিমনের স্বজনেরা। মরদেহ গ্রহণ শেষে তারা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। সেখানে মাগরিবের নামাজের পর জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।
বিমানবন্দরে উপস্থিত লিমনের মামা মর্তুজা শেখ জসিম সাংবাদিকদের বলেন, “আমরা মার্কিন সরকার ও বাংলাদেশ সরকারের কাছে এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।”
ছেলের মরদেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন লিমনের বাবা ইলিয়াস হোসেন। তিনি বলেন, “বিদেশে পড়তে গিয়ে আর যেন কোনো সন্তানের এভাবে মৃত্যু না হয়।”
তিনি জানান, পহেলা বৈশাখের দিনই ছেলের সঙ্গে তার শেষ কথা হয়েছিল।
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক লিমন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিবিষয়ক বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
একই সময় নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পরে ২৪ এপ্রিল একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় বৃষ্টিকেও হত্যা করা হয়েছে বলে জানানো হয়।
এ ঘটনায় লিমনের এক রুমমেটকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। বৃষ্টির সন্ধানে তল্লাশির একপর্যায়ে একটি জলাশয় থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়, যা পরে তার বলে শনাক্ত করা হয়।
পরিবারের সদস্যদের ভাষ্য, লিমন ও বৃষ্টির মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং তারা বিয়ের পরিকল্পনাও করেছিলেন।
বৃষ্টির মরদেহ ফেরাতে উদ্যোগ
বিমানবন্দরে উপস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, লিমনের পরিবারের এই শোকের মুহূর্তে পাশে দাঁড়াতে সরকার কাজ করছে।
তিনি জানান, বৃষ্টির মরদেহ শনাক্ত হয়েছে এবং তা দ্রুত দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের বিশ্বাস, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের তদন্ত সম্পন্ন করে দায়ীদের আইনের আওতায় আনবে।”
পরে লিমনের মরদেহ নিয়ে তার পরিবার জামালপুরের উদ্দেশে রওনা হয়।
পূর্বের পোস্ট :