সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন।

রোববার (৩ মে) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫) এবং মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, সকালে সিলেট থেকে কয়েকজন নির্মাণ শ্রমিক পিকআপে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে তেলিবাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাঠালবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এছাড়া আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর পিকআপ ও ট্রাকের চালক পালিয়ে গেছেন বলে জানানো হয়েছে। তবে ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ।