শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও নারী ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরা নারী–এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিটের (এসপিএসইউ) উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শরীয়ত উল্লাহ এবং ‘আমরা নারী’র কোষাধ্যক্ষ তাসনুভা আরেফিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান বিনিময়, সক্ষমতা উন্নয়ন, উদ্ভাবন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথা বলা হয়েছে।
এ চুক্তির আওতায় নারী ক্ষমতায়ন, যুব নেতৃত্ব বিকাশ, জনস্বাস্থ্য সচেতনতা, গবেষণা কার্যক্রম, সাংস্কৃতিক উদ্যোগ ও কমিউনিটি উন্নয়নমূলক প্রকল্পে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক, ইন্টার্ন ও প্রকল্প সহকারী হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে শিক্ষকরা উপদেষ্টা, প্রশিক্ষক, মেন্টর ও গবেষণা সহযোগী হিসেবে অংশ নেবেন।
এ কার্যক্রম বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট (এসপিএসইউ) স্থানীয় সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে।
পূর্বের পোস্ট :