দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক সোমবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।
তিনি বলেন, “পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সবসময়ই কঠোর নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও সতর্কবার্তা পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এটি আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ।”
এর আগে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে।
ওই সতর্কবার্তায় নির্দিষ্ট করে কোনো সংগঠনের নাম উল্লেখ করা না হলেও সম্প্রতি ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে।
বাংলাদেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিক—ঢাকা, চট্টগ্রাম ও সিলেট—এবং পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দর চালু রয়েছে। এসব বিমানবন্দরে বেবিচকের এভিয়েশন সিকিউরিটি (এভসেক), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সতর্কবার্তার প্রেক্ষিতে নজরদারি, তল্লাশি ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সতর্কতা ‘রুটিন ব্যবস্থার অংশ’ বলেই দাবি কর্তৃপক্ষের।
পূর্বের পোস্ট :