দায়িত্ব নেওয়ার পরদিন বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছান নতুন গভর্নর মোস্তাকুর রহমান। এসময় ডেপুটি গভর্নর ও গভর্নর কার্যালয়ের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। তিনি এলিয়ন সিরিজের এ-১৫ মডেলের গাড়িতে ব্যাংকে প্রবেশ করেন।
সংবাদকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনে গভর্নর মোস্তাকুর বলেন, “আগে কাজ করি, তারপরে কথা বলব। যোগদান করি...”
এর আগে অর্থনীতিবিদ, সাবেক আমলা ও শিক্ষকদের মধ্য থেকে গভর্নর করা হলেও এবার প্রথমবার একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের প্রধানের দায়িত্ব দেওয়া হলো। পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুর রহমান পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ এবং আবাসন খাতেও যুক্ত ছিলেন।
গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ অগাস্ট আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। দেড় বছরের মাথায় তার অবশিষ্ট মেয়াদ বাতিল করে মোস্তাকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।
মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। ১৯৬৬ সালে ঢাকায় জন্ম, বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং আইসিএমএবি থেকে এফসিএমএ ডিগ্রি অর্জন করেছেন।
ব্যবসায়ী হিসেবে বিভিন্ন সংগঠনে সদস্য ছিলেন। তিনি বিজিএমইএ’র বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও এমআরএম সিকিউরিটিজ সম্পর্কিত কাজেও যুক্ত ছিলেন। এছাড়া তিনি রিহ্যাব, ডিসিসিআই এবং এটাব-এর সদস্যও ছিলেন।
মোস্তাকুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগের মাধ্যমে ব্যাংক খাতের সংস্কারের নতুন অধ্যায় শুরু হলো।
পূর্বের পোস্ট :