জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। তার সঙ্গে বিভিন্ন হল সংসদের কয়েকজন প্রতিনিধি ছাত্রদলেও যোগ দেন।
শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগদান করেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে আবদুর রশিদ জিতু দলে যোগদানের ঘোষণা দেন। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুর রশিদ জিতু বলেন, ‘বর্তমানে বাংলাদেশ একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ করে এমন রাজনৈতিক শক্তির সঙ্গে রাজনীতি করার কথা আগেই জানিয়েছিলাম।’
তিনি বলেন, ‘আমি মনে করি জাতীয়তাবাদী দল বিএনপি এই চারটি ঐতিহাসিক চেতনাকে ধারণ করে। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই।’
জিতু আরও বলেন, ‘বাংলাদেশপন্থি ও জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি জাতীয়তাবাদী দলের মাধ্যমেই সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশপন্থি রাজনীতি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপসহীন মনোভাব, গণঅভ্যুত্থানে তার ভূমিকা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের অনুপ্রাণিত করেছে।’
অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আজ যারা বিএনপি ও ছাত্রদলে যোগদান করেছেন, তাদের সবার একটি পরিচয়—আমরা সবাই জুলাই যোদ্ধা। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। কোনো ধরনের গুপ্ত রাজনীতি আমরা চাই না।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসুর নেতাদের বিএনপি ও ছাত্রদলে যোগদান ছাত্রদলকে আরও উজ্জীবিত করবে।
এ সময় নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, এ এফ এম কামালউদ্দিন হলের ভিপি জি এম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বণিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা রহমান বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়া নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম ছাত্রদলে যোগ দেন।
এ ছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, শহীদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান, জিএস মো. মাসুদ রানা এবং এ এফ এম কামালউদ্দিন হলের এজিএস রিপন মণ্ডলও ছাত্রদলে যোগ দিয়েছেন। তবে তারা এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
পূর্বের পোস্ট :