ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবিতে বৃহস্পতিবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও হাদির পরিবারের সদস্যরা।
বিকাল পাঁচটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচী শুরু করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের অন্যান্য সদস্যরা।
আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘নিরাপত্তা বিঘ্ন হতে পারে এই বিবেচনায় আমরা অল্প কয়েকজন মানুষ এসেছি। আমরা চাইলে আরও মানুষ আনতে পারতাম। প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রীকে নিয়ে আমরা অপেক্ষা করছি। বিচারের পরিপূর্ণ আশ্বাস না পেলে আমরা অবস্থান কর্মসূচি ছেড়ে যাব না।’
তদন্তের বিষয়ে সুনির্দিষ্ট দাবি জানিয়ে জাবের আরও বলেন, ‘শহীদ হাদি হত্যার ঘটনা নিয়ে জাতিসংঘের অধীনে একটা নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি ছেড়ে যাব না।’
ফাতিমা তাসনিম জুমা জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও হাদির স্ত্রী। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সবাইকে সর্বাত্মক সহযোগিতা করছে ইনকিলাব মঞ্চ। কিন্তু, ইনকিলাবকে সহযোগিতার বেলায় সবাই হাত গুটিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল হয়ে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় গত ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা করেছিলেন। পরে এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
এদিকে রাতে যমুনার সামনে উপস্থিত হয়ে ইনকিলাব মঞ্চের সঙ্গে একাত্মতা জানিয়েছেন ঢাকা-৮ আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এই একই আসনে হাদির নির্বাচন করার কথা ছিল।
পূর্বের পোস্ট :