ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা হলোনা বাংলাদেশের। যদিও স্বপ্নটা আগেই শেষ হয়ে গিয়েছিল। ১৬০ রানে অল আউট হবার পর আফগানিস্তানকে ১১৯ রানে গুটিয়ে দিতে পারলে ফাইনাল খেলা নিশ্চিত হতো। কিন্তু শেষ পর্যন্ত সেটা তো হয়নি, প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে পরাজয়ের পর আজ আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বড় পরাজয়ে ফাইনাল থেকে ছিটকে গেছে তাওহিদ হৃদয়ের দল।

শারজাহতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু আরও একবার ব্যাটারদের ব্যর্থতায় টাইগারদের ইনিংস ৪১.২ ওভাওের ১৬০ রানে গুটিয়ে যায়। আফগান স্পিনার রশীদ খান ৮.২ ওভাওের ৩১ রানে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া দুই পেসার আজমাতুল্লাহ ওমরজাই ও ইয়ামিস আহমেদজাই ২টি করে উইকেট দখল করেছেন। 

বাংলাদেশের হয়ে পারভেজ হোসেন ইমন সর্বোচ্চ ৭০ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ২ট ওভার বাউন্ডারি। ২৮ রানে ৪ উইকেট পতনের পর বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেন ইমন ও ওপেনিং ব্যাটার সাইফ হাসান। এই জুটি পঞ্চম উইকেটে ৯৩ রানের লড়াকু পার্টনারশীপ গড়ে তুলে। সাইফের ব্যাট থেকে এসেছে ৪১ রান।

ছোট টার্গেট তাড়া করতে নেমে আফগানিস্তান সহজেই ৩ উইকেটের বিনিময়ে ৮৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলীয় ৩৯ রানে রহমানুল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ আটালকে বোল্ড করে তাসকিন আহমেদ ম্যাচ কিছুটা জমিয়ে তুলেছিলেন। কিন্তু অধিনায়ক রহমত শাহ (৬৭) ও হাসমাতুল্লাহ শাহিদী (৩৬) অপরাজিত থেকে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন। 

এনিয়ে টানা পাঁচ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হারলো বাংলাদেশ।

আগামী পরশু ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।