দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা ও উৎপাদন ব্যাঘাতের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। মাত্র ১৮ দিনে এ খাতে উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। সংগঠনটির হিসাবে, গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে তাদের ৩১৭টি সদস্য কারখানায় এই উৎপাদন ক্ষতি হয়েছে।

এদিকে পরিস্থিতির কারণে বিদেশি ক্রেতারাও পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিচ্ছেন। ওই ১৮ দিনে প্রায় ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের নিশ্চিত করা ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এসব ক্রয়াদেশের বাজারমূল্য প্রায় ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

বিজিএমইএ জানিয়েছে, উৎপাদন ক্ষতির পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ করতে না পারায় রপ্তানির জন্য পাওয়া অধিকাংশ ক্রয়াদেশ অনিশ্চয়তার মুখে পড়েছে। অর্ডার ধরে রাখতে ব্যবসায়ীদের অতিরিক্ত খরচে আকাশপথে পণ্য পাঠানো, ক্রেতাদের মূল্যছাড় দেওয়া এবং কিছু ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিলের মতো পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।

সংগঠনটির মতে, চলমান অস্থিতিশীলতা শুধু কারখানার উৎপাদনেই প্রভাব ফেলছে না, বরং শ্রমিকদের কর্মসংস্থান ও দেশের সামগ্রিক রপ্তানি বাণিজ্যকেও চাপে ফেলছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে তৈরি পোশাক খাতের ব্যবসায়িক কার্যক্রমে আরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।