ডিসেম্বর মাসে দলীয় কর্মসূচি আরও গতিশীল ও কার্যকর করতে নেতাকর্মীদের সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির অভিযোগ করেন, বর্তমান সরকার মানুষের আস্থার জায়গাটি নষ্ট করেছে। সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের বিভিন্ন বৈশিষ্ট্যও দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, অতীতে নানা অপশক্তির নির্যাতনের শিকার হলেও এ দেশের মানুষ বারবার সেসব শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।
জুলাই অভ্যুত্থান ঘিরে সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কার নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সরকার সেই সংস্কারের পথ থেকে সরে এসেছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন জামায়াত আমির। নির্বাচনে কোনো ধরনের কারসাজি বা প্রভাব বিস্তারের চেষ্টা প্রতিহত করতে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
এ সময় দেশের শিক্ষাব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, শিক্ষা খাত নিয়ে ষড়যন্ত্র চলছে এবং জোরপূর্বক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপাচার্য ও অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে।
তার মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের নিয়োগপ্রক্রিয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।