পোশাকশিল্পসহ দেশের বিভিন্ন খাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি থাকতে পারে এবং সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে দাবি মেনে নেওয়ার পরও বিভিন্ন কারখানায় ভাঙচুর, পুলিশ বক্স ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এমনকি একজন শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে। এসব কর্মকাণ্ডকে প্রকৃত শ্রমিক আন্দোলন হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা দাবি করেন, সাম্প্রতিক ঘটনায় উসকানিদাতাদের অনেকে গ্রেফতার হয়েছেন। তাদের অধিকাংশই যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট। পাশাপাশি কোন কোন কারখানার মালিক এসব কর্মকাণ্ডে জড়িত, তা-ও সামনে আসছে বলে জানান তিনি।
তার অভিযোগ, সংশ্লিষ্ট কারখানাগুলোর বেশিরভাগ মালিক আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ কারখানা বন্ধ করে শ্রমিকদের উসকে দেওয়ার ঘটনাও ঘটেছে।
রিজভী আরও বলেন, দীর্ঘদিনের প্রত্যাশার পর জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এই সরকারকে চাপে ফেলতে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে বিভিন্ন তৎপরতা চালানো হচ্ছে। এমনকি প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে গত ১৭ বছরে দেশের ব্যাংক, আর্থিক খাত ও রাষ্ট্রীয় কোষাগার লুটপাটের অভিযোগ রয়েছে, তাদের অনেকে বিদেশে পালিয়ে গেছেন। আবার কেউ কেউ দেশে অবস্থান করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।
পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে পরাজিত শক্তি আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটাতে চায় কি না, সেই প্রশ্নও তোলেন বিএনপির এই নেতা। একই সঙ্গে বিরোধী মত দমনে গুম ও বিচারবহির্ভূত হত্যার পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
এদিকে ৭ নভেম্বরের শোভাযাত্রাকে ঘিরে সহিংসতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে সরকার ও জনগণ প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে এবং জনগণও এ ধরনের পরিস্থিতি প্রতিহত করতে প্রস্তুত।