দেশের তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিরতা ও উৎপাদন ব্যাহত হওয়ার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির সৃষ্টি হয়েছে। মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। সংগঠনটির হিসাব অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই ক্ষতির ঘটনা ঘটে।
এ সময়ে বিদেশি ক্রেতারা প্রায় ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের নিশ্চিত করা ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে গেছেন। এসব ক্রয়াদেশের আর্থিক মূল্য প্রায় ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য রফতানি করতে না পারায় আরও বিপাকে পড়েছেন উদ্যোক্তারা। নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিতে না পারলে বিদ্যমান অনেক ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের অর্ডার ধরে রাখতে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানো, মূল্যছাড় দেওয়া এবং কিছু ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিলের মতো চাপ মোকাবিলা করতে হচ্ছে কারখানা মালিকদের।
সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে এ ধরনের বিঘ্ন অব্যাহত থাকলে দেশের তৈরি পোশাক শিল্প আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে কারখানার কার্যক্রম, শ্রমিকদের কর্মসংস্থান এবং সামগ্রিক রফতানি আয়ে।